চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে শীতাতপনিয়ন্ত্রিত একটি দ্বিতল যাত্রীবাহী বাস (স্লিপার কোচ)। এতে বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারিয়ারহাট পৌরবাজারের উত্তর পাশে ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলেন- মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নুর আলমের ছেলে নাফিস আহমেদ (১৬), চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার মো. হেলাল উদ্দিনের মেয়ে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারি এলাকার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া।
জানা গেছে, ধুমঘাট সেতু এলাকায় বন বিভাগের তল্লাশিচৌকি রয়েছে। সেখানে সড়কের ওপর কাঠবোঝাই যানবাহনটি রাখা ছিল। দিবাগত রাত দুইটার দিকে ঢাকামুখী দ্বিতল বাসটি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসের অন্তত দশজন যাত্রী আহত হন। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি বলেন, নিহত যাত্রীদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এর মধ্যে নাফিস আহমেদের লাশ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ দুর্ঘটনার বিষয়ে নাফিসের ভগ্নিপতি মোবারক হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এসআই আরও বলেন, ‘বন বিভাগের তল্লাশিচৌকির সামনে সড়কে গাড়ি রেখে কাগজপত্র দেখানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহনই থানা হেফাজতে রয়েছে। তবে গাড়ির চালকেরা পালিয়ে গেছেন।










