চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সিবিইউএফটি’র হল রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ওবায়দুল করিম। তিনি জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, এদেশকে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে শহীদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান গণতান্ত্রিক সরকারের কল্যাণকর কর্মসূচিগুলো সফল করতে হলে দেশের নিয়ম-শৃঙ্খলা, আইন-কানুন ইত্যাদির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। স্বাধীনতা ও অভ্যুত্থানের সুফল পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিবিইউএফটি’র আইকিউ এসি পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটি’র কোষাধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্তী। তিনি বলেন, মহান জুলাই ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সফল অভ্যুত্থান এনে দিয়েছে।

সাম্য, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের কোম্পানি সেক্রেটারি মহসিন চৌধুরীর সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিবিইউএফটি’র ক্লোদিং এন্ড ফ্যাশন টেকনোলজি ফ্যাকাল্টির ডিন মোরশেদ মহিউদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন ডিন মসিউর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষক- শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি










