চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আজিয়ার রহমান বাগেরহাটের মোড়ালগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ১টা ৩০ মিনিটে অজ্ঞাত কারণে দুর্বৃত্তরা পোর্ট কলোনি এলাকায় আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বন্দর থানা-পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। রাত ২টা ২০ মিনিটে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ওসির নেতৃত্বে একাধিক পুলিশ দল কাজ করছে।










