এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে শাহ আমানতের ওয়াহিদুল-জুমার জুটি। ৪০তম বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ দ্বৈত বিভাগের চ্যাম্পিয়ন মোয়াজ্জেম হোসেন ওয়াহিদুল ও রানার্সআপ আল আমিন জুমা নিজেদের প্রথম ম্যাচে হাটহাজারী স্টারসের গালিব-ইমাম জুটিকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে।
বুধবার (৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। প্রথম দিনেই ছয় বিদেশি খেলোয়াড়সহ ৩২ জন শাটলার অংশ নেন। দুই গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনের দ্বিতীয় ও সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল শাহ আমানতের ওয়াহিদুল-জুমার এবং হাটহাজারী স্টারসের গালিব-ইমাম জুটির লড়াই। জাতীয় চ্যাম্পিয়নশিপের পুরুষ দ্বৈত বিভাগে রানার্সআপ হওয়া গালিবের উপস্থিতি ম্যাচটিকে বাড়তি আকর্ষণীয় করে তোলে।
দিনের প্রথম ম্যাচে কোয়ালিটির তানভীর-হারেফা জুটির মুখোমুখি হয় সিমুনের শহিদ-আদিল জুটি। প্রথম দিনে দুই গ্রুপে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজক এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম এবং গ্রুপটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম উপস্থিত ছিলেন।
গ্রুপ-এতে রয়েছে কোয়ালিটি, সিমুন, ব্রাদার্স, ব্রিটানিয়া, জাইমস অটো, উইং স্পোর্টস, কুমিল্লা স্পোর্টিং ও লর্ডস ইন-২। এসব দলের হয়ে খেলছেন তানভীর-হারেফা, শহিদ-আদিল, আসাদ-জনি, আদিয়াত-সোয়াদ, রাজিন-রায়েদ, অনিক-রিয়াদ, সিবগাত-শুভ এবং আশরাফ-আকিব জুটি।
অন্যদিকে গ্রুপ-বিতে রয়েছে হাটহাজারী স্টারস, শাহ আমানত, এসএইচ ক্লাব, পলাশ স্পোর্টিং, ব্যাডমিন্টন ভ্যালি, এনএন করপোরেশন, লর্ডস ইন-১ ও সিটি ক্লাব। এসব দলের হয়ে খেলছেন গালিব-ইমাম, ওয়াহিদুল-জুমার, মুক্তার-মিনহাজ, লিপটন-জয়, নাজমুল-সাকিব, নাঈম-মিজান, হামজা-সনেট এবং বৈভব-মাসুদ জুটি।
আগামী ৫ নভেম্বর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা রয়েছে।










