বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী। ছেলে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।এই ভাগ্যবান চট্টগ্রামের তরুণ নেতা ব্যারিস্টার মীর হেলাল।যিনি হাটহাজারী আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে এমপি হয়েছেন।
তরুণ নেতা হিসেবে এমপি নির্বাচিত হয়ে প্রথমবারই মন্ত্রিসভায় স্থান পাওয়ায় হেলালের অনুসারী ও সাধারণ নেতা কর্মীরা বেশ উচ্ছ্বসিত।
মীর হেলালের পিতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও খালেদা জিয়ার সরকারের সাবেক বিমান প্রতিমন্ত্রী ছিলেন। জিয়া পরিবারের বিশ্বস্ত মীর নাসিরের পরিবার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বড় ব্যবধানে জয়ী হন। হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক নিয়ে গঠিত এ আসনের ১৪৩টি কেন্দ্রে তিনি পান ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পান ৪৪ হাজার ভোট। ফল ঘোষণার পর তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মীর হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, মীর হেলালের জন্ম ১৯৮২ সালের ১২ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীর মীরেরখিল এলাকার মীর বাড়িতে। তার বাবা মীর নাছির একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন তিনি। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় গেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
মীর হেলাল ২০০২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে এলএলবি (অনার্স) করেন। এরপর ২০০৩ সালে কলেজ অব ল অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইউনিভার্সিটি অব ল) থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন এবং ২০০৪ সালে অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল হিসেবে স্বীকৃতি পান।
আইন পেশায় যুক্ত মীর হেলাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। তিনি ল ফার্ম ‘দ্য লয়ার্স কাউন্সিল’-এর হেড অব চেম্বার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।



