শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি এবং উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সংযোগ বাড়াতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘শিল্প-শিক্ষা সহযোগিতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা। এতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবন জোরদার এবং শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী ও শিক্ষাবিদেরা।
সম্প্রতি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিএমইএর পরিচালক ও ক্লিফটন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালক এম ডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবন জোরদার এবং শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদার সমন্বয় ঘটানো গেলে দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে উঠবে। এতে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও সুদৃঢ় হবে।
আলোচনা সভায় শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিজিএমইএর বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী এবং কাজী শফিকুল ইসলাম টিটু নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
আলোচনায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিল্প খাতের বাস্তব চাহিদার মধ্যে সমন্বয় না থাকলে শিক্ষিত তরুণদের কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে দক্ষতার ঘাটতি তৈরি হতে পারে। এ ঘাটতি কমাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শিল্পের বাস্তব পরিবেশ সম্পর্কে ধারণা পাবেন এবং শিল্পপ্রতিষ্ঠানও নিজেদের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল পাবে।










